নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ সংগঠনটির ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্যরা হলেন, সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।
বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে বাবুল সরকার নামে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার এজাহারে বাদী বাবুল সরকার ছয়জনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করেন।
এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
এজাহারে আরও বলা হয়, বাদী এবং রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য প্রতিবাদ জানালে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে হামলা চালান। এতে আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর নতুন ধারা বাংলাদেশের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেয়।
পুলিশ জানায়, নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে দুই দফা মারামারি ও সংঘর্ষের ঘটনার পর মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।



