Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কৃষিমন্ত্রী: কোনো নিষেধাজ্ঞাই বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করতে পারবে না

কৃষিমন্ত্রী বলেন, বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। গ্রামীণ ও পল্লি এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এই বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে

আপডেট : ০২ জুন ২০২৩, ০১:৪৭ পিএম

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, “যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ মোটেই বিচলিত নয়; কোনো নিষেধাজ্ঞা দেশের উন্নয়নকে ব্যাহত করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করতে পারবে না। সব ধরনের নিষেধাজ্ঞা মোকাবিলা করার ক্ষমতা রয়েছে বাংলাদেশের।”

শুক্রবার (২ জুন) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, “বাজেট বিষয়ে বিএনপির নেতাকর্মীরা গত ১৪ বছর ধরে বলে আসছেন, এটা বিলাসীতার বাজেট, অবাস্তব বাজেট, কল্পনাভিত্তিক বাজেট। কল্পনাভিত্তিক বাজেট হলে পাঁচ লাখেরও কম চার লাখ ৮৪ হাজার কোটি টাকা জাতীয় আয় ৪৪ লাখ হতো না। এটাই প্রমাণ প্রতি বছরই আমরা স্মার্ট বাংলাদেশ ও আধুনিক বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে বাজেট দিয়েছি। সেই লক্ষ্যে অদম্য গতিতে আমরা এগিয়ে যাচ্ছি।” 

তিনি আরও বলেন, “এই বাজেট বাস্তব সম্মত। অতীতেও আমরা সফল হয়েছি। আগামী দিনেও এই বাজেট প্রনয়ন ও বাস্তবায়নে সফল হবো। আগে বাংলাদেশ চার লাখ ৮৪ কোটি টাকা ছিল মোট আয়। সেটা বেড়ে হয়েছে ৪৪ লাখ। আগামী বছর আরও বেশি হবে। বাংলাদেশের আয় আমরা ৯ গুণ বৃদ্ধি করেছি। এই বাজেট প্রণয়ন হলে এটি আরও বৃদ্ধি হবে।” 

কৃষিমন্ত্রী বলেন, “এই বছরের বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। গ্রামীণ ও পল্লি এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এই বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।”

মধুপুর উপজেলার নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরমেয়র সিদ্দিক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক পৌরমেয়র মাসুদ পারভেজ প্রমুখ।

   

About

Popular Links

x