সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বৈঠকটিকে “ফলপ্রসূ” আখ্যা দিয়েছেন টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশান-১ এর হোটেল রেনেসাঁয় এই বৈঠকটি হয়েছে বলে সূত্র জানিয়েছে।
তবে উভয় দলের একাধিক জ্যেষ্ঠ নেতা ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন, বৈঠকের বিষয়ে তারা কিছুই জানেন না।
জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেছেন, “দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দলগুলো এখন নির্বাচন কমিশনকে সমর্থন দিতে কাজ করবে।”
এর আগে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদমাধ্যমকে বলেছিলেন, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আলোচনার জন্য ফোন পেয়েছেন। এই বৈঠকে জাতীয় সংসদের আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলাপ-আলোচনা হবে কিনা, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু-ই বলেননি। বৈঠকে কারা কারা থাকবেন সেটিও তখন জানাননি।
২০০৮ সাল থেকেই আওয়ামী লীগের সঙ্গে জোট বা সমঝোতায় ভোটে অংশ নিচ্ছে জাপা। এরমধ্যে নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তারা। এই দুটি নির্বাচনে অংশ নেয় বিএনপি। সবশেষ একাদশ সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে আওয়ামী লীগের কাছে ২৬টি আসন পেয়েছিল জাপা; জিতেছিল ২৩টি আসনে।
তবে বিএনপির বর্জন করা দশম সংসদ নির্বাচনে এককভাবে ভোট করে জাপা। সেই ভোটে ৩৪ আসনে জাপার প্রার্থীর বিপক্ষে কোনো প্রতিযোগী রাখেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আগামী ৭ জানুয়ারি হবে দ্বাদশ জাতীয় সংসদের ভোট। এবারও বিএনপি ভোট বর্জন করায় এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে জাপা। দলটি ২৮৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের আসন সমঝোতা হয়নি। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রেখেছে ইসি। এদিন জানা যাবে, কতটি আসন সমঝোতা হলো গড় দেড় দশকের নানাভাবে সম্পর্কে থাকা (কখনো জোটসঙ্গী কখনো প্রধান বিরোধী দল) দল দুটির।
নবম জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি দল অংশ নিয়েছিল; ২০০৮ সালের ২৯ ডিসেম্বর হওয়া এই নির্বাচনে আওয়ামী লীগ ৪৮.০৪% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। এই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি ভোট পায় ৩২.৫০% আর জাতীয় পার্টি পায় ৭.০৪% ভোট।
দশম সংসদ নির্বাচনে অংশ নেয় ১২টি দল। বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে এই নির্বাচনে ৭২.১৪% ভোট পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। আর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির পক্ষে ৭% ভোটার রায় দেন।
একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয় ৩৯টি দল। এই নির্বাচনে নৌকা প্রতীকে ভোট পড়ে ৭৬.৮০%, ধানের শীষে ১৩.৫১% আর লাঙ্গলে ৫.৩৭% ভোট পড়ে। পরে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বেশ কয়েকটি দল। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। আর সংসদে প্রধান বিরোধী দল হয় জাতীয় পার্টি।



