Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তদের সংঘর্ষ

এ ঘটনায় উভয়পক্ষের চারজন আহত হয়েছেন

আপডেট : ০৯ জুন ২০২৬, ০২:৫৫ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- স্থানীয় আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। 

জানা গেছে, আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করে একটি ব্যানায় টানিয়েছিল ব্রাজিল সমর্থকরা। ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি জানালেও তারা না শোনায় ব্যানারটি খুলে ফেলে আর্জেন্টিনা সমর্থকরা। এ কারণে দু’পক্ষের মধ্যে কাটাকাটি শুরু হলে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরীর উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হয়। 

এ টি এম জাহেদ চৌধুরী জানান, মেসির আপত্তিকর ছবি সংবলিত ব্যানারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং চারজন আহত হন। আমরা উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করেছি। বিশ্বকাপ সবাই মিলেমিশে উপভোগ করবে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ব্যানারে ব্যঙ্গাত্মক ছবি নিয়ে দুপক্ষের হাতাহাতির খবর পেয়েছি। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। 

   

About

Popular Links

x