আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন কে হবে, তা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্লেষণগুলোতে নতুন মোড় এসেছে। ওপেনএআই-এর চ্যাটজিপিটি কিংবা মাইক্রোসফটের কোপাইলট যখন ফ্রান্সকে সামান্য ফেবারিট বা এগিয়ে রাখছে, তখন সম্পূর্ণ ভিন্ন পূর্বাভাস দিয়েছে গুগলের জনপ্রিয় এআই টুল ‘জেমিনি’। জেমিনির মতে, এবারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবিদার স্পেন।
প্রথমে অবশ্য কোপাইলটের মতোই আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনকে সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় রেখেছিল জেমিনি। তবে তালিকায় থাকা দলগুলোর মধ্য থেকে সুনির্দিষ্টভাবে যেকোনো একটি দলকে বেছে নেওয়ার জন্য চাপ দেওয়া হলে, গুগলের এই এআই টুলটি সরাসরি স্পেনের নাম উল্লেখ করে।
গুগল জেমিনির এই পূর্বাভাসকে আরও জোরালো করছে ফুটবল পরিসংখ্যানবিষয়ক বিশ্বখ্যাত সাইট ‘অপ্টা’। প্রায় দুই সপ্তাহ আগে অপ্টার শক্তিশালী সুপার কম্পিউটারও গাণিতিক ও পরিসংখ্যানগত বিশ্লেষণ শেষে স্পেনকেই এবারের আসরের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে।
সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, স্পেনের শিরোপা জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, যার হার শতকরা ১৬ দশমিক শূন্য ৮ শতাংশ। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ৭৮ শতাংশ।
এআই টুলগুলোর এই পূর্বানুমান অবশ্য সময় ও পরিস্থিতির সাথে বদলেছে। মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ‘ব্যাংক অব আমেরিকা’ তাদের একটি বিশেষ প্রতিবেদনে কোপাইলটের দেওয়া বিশ্লেষণের তথ্য প্রকাশ করেছিল।
ব্যাংক অব আমেরিকার ‘দ্য বিউটিফুল গেম: বিওএফএ’স ওয়ার্ল্ড কাপ ২০২৬ গাইড’ শীর্ষক সেই প্রতিবেদনে বলা হয়েছিল, মে মাসের শুরুর দিকে কোপাইলটের কাছে সম্ভাব্য বিজয়ী জানতে চাওয়া হলে সেটি ফ্রান্স ও স্পেনকে সমানে সমান রেটিং দিয়েছিল। এআই টুলটি তখন ফরাসি ও স্প্যানিশদের বিশ্বকাপ জেতার সমান সম্ভাবনার কথা উল্লেখ করেছিল।
তবে টুর্নামেন্ট যত ঘনিয়ে আসছে, প্রযুক্তি ও পরিসংখ্যানের চুলচেরা বিশ্লেষণে ফ্রান্সের চেয়ে স্পেনের পাল্লাই বেশি ভারী হতে দেখা যাচ্ছে, যা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে নতুন এক উন্মাদনার জন্ম দিয়েছে।



