নতুন মৌসুম শুরুর আগেই স্বস্তির খবর পেল আল-নাসর। বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তার মাঠে ফেরার অপেক্ষায় থাকা সমর্থকদের জন্য আরও সুখবর দিয়েছেন নতুন কোচ অ্যাঙ্গে পোস্তেকগ্লু মৌসুমের প্রথম ম্যাচেই রোনালদোকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগষ্ট) সৌদি প্রো লিগের প্রথম ম্যাচে আল-ফাতেহর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আল-নাসর। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচেই আনুষ্ঠানিকভাবে অভিষেক হবে পোস্তেকগ্লুর। তার আগেই দলের অনুশীলনে যোগ দিয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো।
দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার কারণে কিছুদিন দলের বাইরে ছিলেন পর্তুগিজ তারকা। এবার আবার ফুটবলে মনোযোগ ফিরিয়েছেন তিনি, শুরু করতে যাচ্ছেন ক্যারিয়ারের ২৫তম সিনিয়র মৌসুম। অনুশীলনে ফেরার দিন তার নতুন চুলের কাটও নজর কাড়ে সমর্থকদের।
প্রথম ম্যাচে রোনালদো খেলবেন কি না সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে পোস্তেকগ্লু সংক্ষেপে জানান, রোনালদো সবসময়ই প্রস্তুত থাকেন। কোচের এই মন্তব্য সমর্থকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। অনুশীলনে ফেরার সময় এক ভিডিও বার্তায় রোনালদোকে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়ান কোচ তাকে ও তার পরিবারকে শুভকামনা জানান।
নতুন মৌসুমে রোনালদোর সামনে রয়েছে বড় এক ব্যক্তিগত লক্ষ্যও পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলক। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১ হাজার ৩২৬ ম্যাচে তার গোলসংখ্যা এখন ৯৭৬, অর্থাৎ মাইলফলক থেকে দূরত্ব মাত্র ২৪ গোল।
গত মৌসুমে সৌদি প্রো লিগে ২৮ গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো। মৌসুম শেষে নাটকীয়ভাবে আল-হিলালকে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে শিরোপা জেতে আল-নাসর। নতুন মৌসুমে সেই শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ সামনে রেখেই যাত্রা শুরু করছে দলটি।
গত ৩ জুলাই হোর্হে হেসুসের স্থলাভিষিক্ত হয়ে দুই বছরের চুক্তিতে আল-নাসরের দায়িত্ব নেন পোস্তেকগ্লু। তারকাসমৃদ্ধ এই দলকে সঠিকভাবে পরিচালনা করা এবং রোনালদোসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনাই তার সামনে বড় চ্যালেঞ্জ। কোচের ভাষায়, স্কোয়াডে সুস্থ প্রতিযোগিতা রয়েছে এবং সবাই ভালো পারফর্ম করছেন। নতুন মৌসুমে নানা চ্যালেঞ্জ আসতে পারে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময়ই এসব বিষয়ে তিনি সচেতন ছিলেন।
সব মিলিয়ে ৪১ বছর বয়সেও গোলের ক্ষুধা এতটুকু কমেনি রোনালদোর। সামনে হাজার গোলের মাইলফলক আর শিরোপা ধরে রাখার মিশন দুটোকে ঘিরেই এবার তাকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। শনিবার আল-ফাতেহর বিপক্ষে ম্যাচেই মিলতে পারে সেই প্রশ্নের প্রথম জবাব মাঠে ফিরেই কি গোলের মিশন শুরু করবেন রোনালদো?



