২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ব্রাজিলিয়ান অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ ২৩ সদস্যেও দল ঘোষণা করেছেন। দলে ডাক পেয়েছেন নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র।
২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায়ের হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেনি সেলেসাওরা। অবশ্য প্রতিবারই ফেভারিট হিসেবেই বিশ্বকাপে খেলতে নামে ব্রাজিল।
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর তিনটি ম্যাচ খেলেছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোনোটিতে স্কোয়াডেই ছিলেন না নেইমার।
আগামী মাসে বলিভিয়া ও পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল। ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের চারদিন পর পেরুর মাঠে খেলবে তারা।
২৩ সদস্যের দলে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম চিয়াগো সিলভা, রাফিনিয়া, লুকাস পাকেতা ও এদের মিলিতাও।
ব্রাজিলিয়ান কোচ ৪৯ বছর বয়সী দিনিজের অধীনে এটাই প্রথম দল ঘোষণা। কাতারের হতাশাজনক বিদায়ের পর তৎকালীন কোচ তিতে দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর পর দিনিজের ওপর অস্থায়ী দায়িত্ব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৩১ বছর বয়সী নেইমার অতি সম্প্রতি পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন।
রিও ডি জেনিরোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করতে গিয়ে নেইমার প্রসঙ্গে দিনিজ বলেছেন, “আমি তার সঙ্গে সম্প্রতি কথা বলেছি। সে জাতীয় দলে খেলতে রাজি। তার মানের একজন খেলোয়াড়কে পাওয়া সত্যিই কঠিন। বিরল প্রতিভার অধিকারী নেইমারকে পেয়ে আমরাও সৌভাগ্যবান।”
২০২৪ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ করে ব্রাজিল জাতীয় দলে কোচ হিসেবে যোগ দেবেন কার্লো আনচেলত্তি। তার আগ পর্যন্ত ফ্লুমিনেন্সের কোচ দিনিজের ওপরই থাকবে সেলেসাওদের দায়িত্ব।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো পারানায়েনসে)
ডিফেন্ডার: গাব্রিয়েল (আর্সেনাল), ইবানেস (আল-আহলি), মার্কিনিয়োস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), দানিলো (ইউভেন্তুস), ভেন্দেরসন (মোনাকো), কাইয়ো এইহিক (মোনাকো), রেনান লোদি (অলিম্পিক মার্সেই)
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারাশ (নিউক্যাসল ইউনাইটেড), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস), জোয়েলিন্তন (নিউক্যাসল ইউনাইটেড)
ফরোয়ার্ড: আন্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাথেউস কুইয়া (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), নেইমার (আল হিলাল), রিশার্লিসন (টটেনহ্যাম হটস্পার), রদ্রিগো (রেয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রেয়াল মাদ্রিদ)



