বিশ্বকাপে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) পদ্ধতি প্রয়োগ করতে যাচ্ছে ফিফা। আর প্রযুক্তির সুবিধা পুরোপুরিভাবে নিতেই অফসাইডের ‘কঠিন’ সিদ্ধান্তে সহকারী রেফারিদের পতাকা নামিয়ে রাখার নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থা।
প্রতিটি আসরেই কিছু বিতর্কিত গোলের দেখা মিলেছে অতীতে। এবার সে সংকট ঘোঁচাতেই এমন প্রযুক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। খালি চোখে নির্ণয়ে কষ্টসাধ্য বা ভুল হবার সম্ভাবনা থাকে, এমন পরিস্থিতিতে তাই পতাকা নামিয়ে রাখার নির্দেশনা দেয়া হয়েছে রেফারিদের।
ফিফার রেফারিস কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কল্লিনা বলেন, ‘যদি দেখেন কোনো অ্যাসিসট্যান্ট রেফারি পতাকা উঠাচ্ছেন না, তার অর্থ এই নয় যে তিনি ভুল কিছু করছেন। বরং, বিতর্ক এড়াতে তাদের পতাকা নামিয়ে রাখার নির্দেশনাই দেওয়া হয়েছে।’
এ নির্দেশনার ব্যাখ্যা দিতে গিয়েকলিন্না জানান, ‘রেফারিদের পতাকা নামিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে তখনই যখন দেখা যাবে অফসাইড নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। কারণ, এমন সময় দুর্দান্ত কোনও আক্রমণ বা গোল হয়ে যাবে আর তখন রেফারি পতাকা উঠালেই সবকিছু শেষ।’
তাহলে প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে তার ব্যাখ্যায় তিনি বলেন, ‘অমন পরিস্থিতিতে রেফারি যদি পতাকা নামিয়েই রাখেন তাহলে খেলা চলবে, একই সঙ্গে গোল হতেও সমস্যা হবে না। পরে প্রযুক্তির সাহায্যে গোলটির বৈধতা যাচাই করা সম্ভব হবে।’
মতামত দিন