ফিফা বিশ্বকাপের প্রতিটি আসরে ম্যাচের ১ ঘন্টা আগ থেকে উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হলেও রাশিয়ায় এবার তা শুরু হতে যাচ্ছে ম্যাচের মাত্র ৩০ মিনিট আগে। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ফুটবল মহাযজ্ঞের এই চোখ ধাঁধাঁনো অনুষ্ঠান।
লুজনিকি স্টেডিয়ামের গ্যালারিতে এ সময় প্রায় ৮০হাজার দর্শক উপভোগ করতে পারবে অনুষ্ঠানটি। এবার রাশিয়ার বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে নৃত্যের মাধ্যমে তুলে ধরতে অংশ নেবে প্রায় ৫০০ জন নৃত্যশিল্পী ও জিমন্যাস্ট।
তবে উদ্বোধনী অনুষ্ঠানের স্পট লাইটটা থাকছে ব্রিটিশ রক সংগীত তারকা রবি উইলিয়ামসের ওপর। তার সাথে মঞ্চ ভাগাভাগি করে নেবেন রাশিয়ার জনপ্রিয় শিল্পী আইদা গারিফুলিনা। মস্কোর ‘ইভেন্ট অব দ্যা ইয়ার’এ কিংবদন্তিদের তালিকায় থাকছেন প্রখ্যাত অপেরা আইকন প্লাসিদো দোমিঙ্গো। এই স্পেনিয়ার্ডের পরেই থাকছেন পেরুভিয়ান সেনসেশন হুয়ান দিয়েগো ফ্লোরেজ।
মঞ্চে ফুটবল ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করবেন দুইবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান লিজেন্ড রোনাল্ডো। পাশাপাশি রাজধানী মস্কোর আমজনতাদের আনন্দে মাতাতে বিখ্যাত রেড স্কয়ারেও থাকছে বিশেষ কনসার্ট।
বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর বিভিন্ন ঘরানার ধ্রুপদী সংগীতকে প্রাধান্য দেবার পাশাপাশি ব্যক্তিগত জনপ্রিয় গানগুলোর মাঝে সাত বা আটটি পরিবেশন করবেন রবি উইলিয়ামস।
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সূত্রে জানা গেছে, রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অন্যান্য আসরের থেকে বেশ আলাদা হতে যাচ্ছে। বিশালাকৃতির ভূখন্ডের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সংগীতের ভাষায় প্রকাশ করতে বাদ্যযন্ত্রের উপর বিশেষ মনোযোগ দিয়েছেন আয়োজক দেশ রাশিয়া।
এরপরেই আসল লড়াইয়ে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক রাশিয়া।
মতামত দিন