মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ৯৮
চতুর্থ দিনের প্রথম সেশনটা ছিল বাংলাদেশেরই। ৩টি উইকেট শিকারের ফলে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৯৮ রান। ৫০ রানেই ৪টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ দল। লিডের পরিমাণ ২১১ রান।
দিনের পঞ্চম ও রাহীর করা তৃতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট উপহার দেন আবু জায়েদ। তার করা বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান জোমেল ওয়ারিকান। আগের ২ রানের পর নামের পাশ আর কোনো রানই যোগ করতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের দলীয় সংগ্রহ তখন ৪ উইকেটে ৫০ রান। এরপর দলীয় ৬২ রানের মাথায় কাইল মায়ার্সকেও এলবিডব্লি’র ফাঁদে পেলেন এই পেসার।
এর আগে তৃতীয় দিনে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় ফলোঅন এড়ালেও বাংলাদেশকে ২৯৬ রানে অলআউট করে ১১৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।
৪১ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে সফরকারীরা। এনক্রুমা বোনার এবং নাইট ওয়াচম্যান জমেল ওয়ারিকান যথাক্রমে ৮ ও ২ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পক্ষে তাইজুল, নাঈম এবং মিরাজ একটি করে উইকেট নেন।
তৃতীয় দিনের শুরুটা দারুণ ছিল দ্বিতীয় দিন শেষে অপরাজিত থাকা মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুনের। নিজের ২২তম টেস্ট অর্ধশতক তুলে নিয়ে আশার আলো দেখাচ্ছিলেন মুশফিক। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছিলেন মিঠুন। কিন্তু ১৩ রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যানের বিদায়ে ফের বিপদে পড়ে বাংলাদেশ।
এরপর সপ্তম উইকেটে লিটন-মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।
মতামত দিন