এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন প্রায় সবাই। তবে অনেকেই আছেন যারা ডিসপ্লে পিকচার ফাঁকাই রাখেন। সেখানে কোনো ছবি থাকে না। ফলে নতুন করে কেউ মেসেজ করলে বেশ সমস্যায় পড়তে হয়।
ছবি না থাকায়, কে মেসেজ করেছে, তা বুঝতে একটু সমস্যা হয় বইকী। এছাড়া চ্যাটের সময় ডিসপ্লে ছবি না থাকলে অস্বস্তি বোধও করেন অনেকে। সেই সমস্যা এবার সমাধানের পথে।
ইউজারদের জন্য দারুন এক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এবার উল্টোদিকের ব্যক্তির ডিসপ্লে ছবি দেওয়া না থাকলেও তার ছবি দেখতে পাবেন আপনি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের হোয়াটসঅ্যাপে ডিসপ্লে ছবি দেওয়া নেই তাদের ছবিও দেখা যাবে। স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যাদের সঙ্গেই চ্যাট করা হয় তাদের সকলের নম্বরই সেভ করা থাকে।
বর্তমানে কন্টাক্টের সঙ্গে লিংক করা থাকে জিমেল অ্যাকাউন্ট। ফলে সকলেরই ছবি দেখা যায় কন্টাক্ট লিস্টে। যাদের হোয়াটসঅ্যাপে ডিপি থাকবে না, তাদের ক্ষেত্রে কন্টাক্টে থাকা ছবিই ভেসে উঠবে প্রোফাইল ছবি হিসেবে।
অনেকেরই আশঙ্কা, এতে গোপনীয়তা বিঘ্নিত হবে না তো। সংস্থা স্পষ্টভাবে জানিয়েছে, এতে ইউজারদের তথ্য চুরি বা এই জাতীয় কোনো সমস্যা হবে না। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ফিচার আনার চিন্তা-ভাবনা করা হয়েছে।
এই মুহূর্তে পরীক্ষামূলকভাবে এই ফিচারটি চালানো হচ্ছে। পরবর্তীতে সকলেই এই ফিচারের সুবিধা পাবেন। তবে, মনে রাখবেন যদি কেউ আপনাকে ব্লক করে থাকে সেক্ষেত্রে এই ফিচার কাজ করবে না।



