আগামী ১০ জুলাই ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। এদিন দুপুর ২টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশিত হবে। এসএমএসের মাধ্যমেও জানা যাবে পরীক্ষার ফল।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরও অনলাইন ও এসএমসের মাধ্যমে ফলপ্রকাশের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডকে কারিগরি সহায়তা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড।
এক বিজ্ঞপ্তিতে টেলিটক জানিয়েছে, আগামী ১০ জুলাই দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ১১টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী নিচে দেওয়া পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের যেকোনো অপারেটরের মোবাইল ফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবে।
এসএসসি বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন; SSC Dha 123456 2025 Send to 16222.
সেক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য শুরুতে SSC, বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য SSC Tec লিখতে হবে। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জানতে হলে ব্রাউজ করতে হবে- http://www.educationboardresults.gov.bd।
বিজ্ঞপ্তিতে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের পদ্ধতিও জানিয়েছে টেলিটক। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে “RSC” লিখে স্পেস দিয়ে “বোর্ডের নামের প্রথম তিন অক্ষর” লিখে স্পেস দিয়ে “রোল নম্বর” লিখে স্পেস দিয়ে “বিষয় কোড” লিখে পাঠাতে হবে “১৬২২২” নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা লাগবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে।
পরে “RSC” লিখে স্পেস দিয়ে “YES” লিখে স্পেস দিয়ে “পিন নম্বর” লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি “মোবাইল ফোন নম্বর” লিখে “১৬২২২” নম্বরে এসএমএস পাঠাতে হবে।
ফল পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে “কমা” দিয়ে বিষয় বা পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেসব বিষয় দুইপত্রের সেক্ষেত্রে দুটিতেই শিক্ষার্থীদের আবেদন করতে হবে। প্রতি পত্রের জন্য আবেদন ফি হ ১৫০ টাকা।
পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে ১১ জুলাই, চলবে ১৭ জুলাই পর্যন্ত।
প্রসঙ্গত, এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৫ মে। সারাদেশের ৯টি বোর্ডের অধীনে ২,২৮২টি কেন্দ্রে, মাদ্রাসা বোর্ডের অধীনে ৭২৫টি কেন্দ্রে এবং ভোকেশনাল বা কারিগরি বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।



