Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এসসিপির মুখ্য সংগঠক বলেন, আমরা জাস্ট একটু সাগর পাড়ে ঘুরতে এসেছিলাম

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারে বৈঠক করেছেন বলে একাধিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়েছে তা গুজব বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার কক্সবাজার সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়।

বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজার গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা এবং নাসীরুদ্দীন পাটওয়ারী।

এছাড়া, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যখন রাষ্ট্রীয় নানা কর্মসূচি চলছে তখন এনসিপি নেতাদের এই সফর নিয়েও নানা সমালোচনা শুরু হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে বলেন, “হুট করে ঘুরতে এসেছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনি একটু সাগর পাড়ে ঘুরতে এসেছিলাম। বাট এখানে এসে দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসেছি, এরমধ্যেই এই নিউজ দেখছি।”

তিনি বলেন, “এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই না, মিডিয়া প্রোপাগান্ডা।”

নাসীরুদ্দীন আরও বলেন, “এখানে এসে শুনছি, পিটার হাসের সঙ্গে না-কি আমরা দেখা করতে এসেছি। এরকম হলে তো আমরা ঢাকায় দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকতো।”

জুলাই গণ-অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা অংশ নেবেন কি-না এমন প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সংগঠক বলেন, “আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে, অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে।”

তিনি বলেন, “যাদেরকে বলা হয়েছে প্রত্যেকটি দল থেকে একটা ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।”

এর আগে, কক্সবাজারে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। তারা হোটেল রয়েল টিউলিপে আছেন। কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফুদ্দীন শাহীন এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) ১১টা ২৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এনসিপির নেতৃবৃন্দ ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর ১২টা ৪০ মিনিটের দিকে হোটেল রয়েল টিউলিপ ওঠেন বলে পুলিশ জানিয়েছে।

   

About

Popular Links

x