জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সদস্যরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে সন্ধ্যা ৬টার দিকে বিরোধী দলের নেতা জামায়াত আমির শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।
জামায়াত আমির বলেন, “বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও আজকে যেসব গণবিরোধী বিল পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। আমরা তাই ওয়াকআউট করছি।“
এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে সংসদ অধিবেশন থেকে বের হয়ে যান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেপুটি স্পিকার কিছু বলার সুযোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমি ধন্যবাদ জানানোর জন্য উঠেছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সব রিডিংয়ে উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। সমস্ত প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অধিবেশনে অংশগ্রহণ করবেন।“



