গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এজাহারে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. ফুলমিয়া বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় লুৎফর শেখ, জিহাদ বিশ্বাস, নাহিদ মোল্লা, স্বাক্ষর শেখ, তানভীর হোসেন, মাহাবুব রহমান ও মিরাজ তালুকদারকে গ্রেপ্তার করে সন্ধ্যা ৬টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এসময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দল ওই মিছিলের মুখোমুখি হলে এবং মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।’’
তিনি আরও বলেন, ‘‘এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস আই) মো. ফুলমিয়াসহ ২ পুলিশ সদস্য আহত হয়।’’
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।



