খুলনা মহানগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিকের সামনে ফাঁকা গুলি ছুড়ে ভেতরে ঢুকে দুটি চেম্বারে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে খুলনা কমার্স কলেজের বিপরীতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
জনবহুল এলাকায় গুলি ও ভাঙচুরের এ ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং ক্লিনিকসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে সন্ধ্যার পর নগরীতে একটি মুদি দোকানের ভেতরে দোকানদারকে গুলি করার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে বাবুখান রোডের সন্ধানী ক্লিনিকের সামনে এসে দুর্বৃত্তরা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে থাকা লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে দুর্বৃত্তরা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে দুটি চেম্বারে ভাঙচুর চালায়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, “দুর্বৃত্তরা ক্লিনিকের সামনে ফাঁকা গুলি ছুড়ে ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ কিছু জানাচ্ছে না।“



