খুলনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সুধী সমাবেশ চলাকালে তেরখাদায় গুলিবিদ্ধ হয়েছেন এক যুবদল নেতা।
শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পারহাজী গ্রামের সেনেরবাজার–মধুপুর সড়কে খান ব্রিকসের কাছে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন মো. রামীম বিশ্বাস (৩২)। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রামীম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনার সময় রামীম পারহাজী গ্রামে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পাঁজরে গুলি লাগে। গুলি চালানোর পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা রামীমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে তেরখাদা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কবির আহমেদ বলেন, “গুলিবিদ্ধ যুবদল নেতা আশঙ্কামুক্ত। তার চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।“
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে, শনিবার সকালে খুলনার বয়রা পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশে উপস্থিত ছিলেন আইজিপি মো. আলী হোসেন ফকির। সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আইজিপি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আবার বল প্রয়োগ না করলে দুর্বল মনে করা হয়। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। এ পরিস্থিতি নিরসনে পুলিশ কাজ করছে।“
পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে একটি আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এর আওতায় কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে কাজ করবে।“
তিনি জানান, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার ক্ষমতা দিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগও নেওয়া হচ্ছে।
ওসি (তদন্ত) কবির আহমেদ জানান, আইজিপির সুধী সমাবেশে তেরখাদা থানার ওসি উপস্থিত ছিলেন। সমাবেশস্থল থেকে গুলির ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ছাড়া দুই স্থানের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা জোনও আলাদা।
রামীম বিশ্বাসকে কেন লক্ষ্য করে গুলি করা হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী ধরনের বিরোধ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।



