প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। সেখানে তিনি কপ-৩১ সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগে প্রস্তুত করা জাতীয় অবস্থানপত্র প্রকাশ ও জাতীয় সংলাপে অংশ নেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কপ-৩১-এ বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘‘সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আসন্ন সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ।’’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জলবায়ু ও পরিবেশবিষয়ক কার্যক্রম সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে।
এসময় তিনি পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ প্রক্রিয়ায় যুক্ত করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।



