গোপালগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তেঘরিয়া কালী মন্দিরের পাশে মিলন খানের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, ছয়-সাত মাস আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছিল। এ ছাড়া প্রায় ছয় মাস ধরে শেফালীর মানসিক অবস্থা খারাপ ছিল বলেও জানান স্থানীয়রা। তার সিয়াম মিয়া (১৯) নামে এক ছেলে রয়েছে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাইম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শেফালী ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে ওই বাসায় থাকতেন। কয়েক দিন আগে ছেলের বউ তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার ফিরে এসে ঘর থেকে দুর্গন্ধ পেয়ে তিনি প্রতিবেশীদের জানান। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই মারা গিয়েছিলেন ওই নারী। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।



