Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধর্মমন্ত্রী: মাদ্রাসায় ধর্ষণ বন্ধে সরকার কঠোর অবস্থানে 

মাদ্রাসায় যৌন নিপীড়নসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

মাদ্রাসায় ধর্ষণ ও অশালীন কর্মকাণ্ডের ঘটনা দুঃখজনক এবং লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি জানিয়েছেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। 

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে নজর রাখছেন। শরিয়াহ অনুযায়ী হারাম ও হালাল কাজের বিষয়ে আরও কঠোর নজরদারি করা হবে।’’

ধর্মমন্ত্রী আরও বলেন, ‘‘ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’’ 

এর আগে সম্মেলনে দেশের ইমাম সমাজের প্রতি উসকানিমূলক বক্তব্য পরিহার করে সুন্দর ও মার্জিত ভাষায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। 

এ সময় খুতবায় সমাজের বিভিন্ন অসংগতি, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধের বিষয় তুলে ধরতেও ইমামদের নির্দেশ দেন তিনি।  

অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদ্রাসায় যৌন নিপীড়নসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানান তিনি। 

ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যেন উসকানি দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। 

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা। সম্মেলন পরিচালনা করেন কোরআনের আলোর পরিচালক মাওলানা মহিউদ্দিন। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব-এর সম্পাদক বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন, বিএনপি চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিববুল্লাহিল বাকী নদভী ও ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈশা সাহেদী। 

 

   

About

Popular Links

x