গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর নিয়ন হুদা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় নদীর প্রায় ১৮ ফুট গভীরে বালুর নিচে চাপা পড়া অবস্থায় তার মরদেহ পায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে ৮০০ থেকে ৯০০ গজ দূরে বালুর নিচে চাপা পড়ে ছিলেন নিয়ন। প্রথমে একটি হাতের কিছু অংশের সন্ধান পায় ডুবুরি দল। পরে বালু সরিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সাঁতার জানতেন না বলেও জানান এই ফায়ার কর্মকর্তা।
নিহত নিয়ন গাইবান্ধা পৌর শহরের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি।
ফায়ার সার্ভিস, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে স্ত্রী যুঁথিসহ চারজন ঘাঘট নদীতে গোসল করতে যান। তাদের মধ্যে নিয়নসহ তিনজন নদীতে নামেন, আর স্ত্রী যুঁথি নদীর পাড়ে বসে ছিলেন। গোসলের একপর্যায়ে নিয়ন নিখোঁজ হয়ে যান। স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর দেড়টার দিকে উদ্ধার অভিযান শুরু করেন। পাশাপাশি রংপুরের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়। পৌনে ৩টার দিকে রংপুর থেকে আসা পাঁচ সদস্যের ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দেয়।
প্রথম দিন টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও নিয়নের সন্ধান না মেলায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে অভিযান স্থগিত করা হয়। পরদিন শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্বিতীয় দফায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। অবশেষে তৃতীয় দিন শনিবার অভিযানে মরদেহ উদ্ধার করা হয়।



