Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজারে আবারও হোটেলে অগ্নিকাণ্ড, নিরাপদে বেরিয়ে এলেন তিন শতাধিক পর্যটক

আগুন লাগার পরপরই তারা সবাই নিরাপদে বেরিয়ে আসেন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে "দ্য সি প্রিসেন্স" নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার পরপরই তারা সবাই নিরাপদে বেরিয়ে আসেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত নিকটবর্তী স্টেশনের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় কেউ হতাহত হননি।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, তাদের যথেষ্ট অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং পর্যটকেরা নিরাপদে আছেন।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর (শনিবার) উখিয়ার ইনানী এলাকায় "টুপটুপ" নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়।

   

About

Popular Links

x