Thursday, October 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, খোঁজ চলছে আরেকজনের

উদ্ধার হওয়া মরদেহটি চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা হারুনের বলে ধারণা করা হচ্ছে

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে সৈকতের হিমছড়ি এলাকা থেকে মরদেহটি ভেসে ওঠে। জেলা প্রশাসনের নিয়োজিত বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহটি চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা হারুনের (২০) বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় বিচকর্মী ও লাইফগার্ড কর্মীরা মরদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে গত বুধবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত তিন জন হলেন- ঢাকার উত্তরা দিয়াবাড়ী এলাকার আল মাহিফুর ইবনে মোকাররম (২৪), একই এলাকার সাইবুল হক জিসান (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ এলাকার আকাশ (২১)। ওই ঘটনার পর থেকেই আরও দুই পর্যটক নিখোঁজ ছিলেন।

বিচকর্মী সুপারভাইজার মাহবুবুর রহমান জানান, হারুনের মরদেহ উদ্ধারের পর বর্তমানে এস এম নাফিসুর রহমান নিবিড় (২২) নামের অপর এক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। নিখোঁজ নাফিসুর রহমান নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকার উত্তরার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে।

   

About

Popular Links

x