Thursday, October 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ১

বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতির বরাতে এ তথ্য জানা গেছে

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। এতে অন্তত একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। 

বুধবার (২১ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিএসিএ) এক বিবৃতির বরাতে এ তথ্য জানা গেছে।

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে একই দিনে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, বহুজাতিক তেল কোম্পানি সৌদি আরামকোর সায়বাহ তেলক্ষেত্রের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হলেও এ ঘটনায় দুজন নিহত হন।

সাম্প্রতিক সময়ে রাজধানী রিয়াদসহ সৌদির প্রধান প্রধান বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার ঘটনায় গভীর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। জিএসিএ জানায়, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক আহত হন। এর পরদিন ১১ অক্টোবর অপর একটি বিমানবন্দরে হামলায় ১ জন নিহত ও ১১ জন আহত হন।

ইয়েমেন সংঘাতকে কেন্দ্র করে সৌদি আরবের সাথে তাদের চলমান বিরোধ নতুন করে উত্তপ্ত রূপ নেওয়ায় একের পর এক এই কৌশলগত হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।

এদিকে, সৌদির সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় উদ্বেগ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদে নিযুক্ত তাদের কূটনৈতিক মিশনের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের অনতিবিলম্বে সৌদি আরব ছাড়ার নির্দেশনা জারি করেছে। মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানান, অঞ্চলের আরও কয়েকটি কূটনৈতিক মিশন থেকেও কর্মীদের পরিবার সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

   

About

Popular Links

x