সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে চার দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন থেকে এসব দেশের নাগরিকরা দূতাবাসে না গিয়েই অনলাইনে তাৎক্ষণিক ই-ভিসা নিতে পারবেন। চাইলে সৌদি আরবে পৌঁছেও ভিসা সংগ্রহ করতে পারবেন তারা।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ সুবিধা পাচ্ছেন মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকরা।
শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দেয়।
নতুন নিয়ম অনুযায়ী, চার দেশের নাগরিকরা অনলাইনে একাধিকবার সৌদি আরবে প্রবেশের অনুমতিসহ পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। দেশটির যেকোনো প্রবেশপথে পৌঁছেও ভিসা নেওয়া যাবে।
এই ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশ নেওয়া যাবে। এছাড়া দেশটিতে বসবাসরত আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগও থাকবে।
সৌদি আরবে মেক্সিকোর চার্জ দ্য অ্যাফেয়ার্স গিয়েরমো গুতিয়েরেজ মনে করেন, নতুন এ সুবিধার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, বিমান চলাচল ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়বে। ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগও আরও বাড়বে।
অন্যদিকে, সৌদি আরবে নিযুক্ত সার্বিয়ার রাষ্ট্রদূত দ্রাগান বিসেনিচ নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, এর ফলে সার্বিয়ার নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ ও ওমরাহ পালনের প্রক্রিয়া সহজ হবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
তবে নতুন ভিসার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। ভিসায় উল্লেখ করা মেয়াদের মধ্যেই দর্শনার্থীদের সৌদি আরব ছাড়তে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে ভিসা নবায়নের সুযোগ নেই।
একাধিকবার প্রবেশের ভিসার ক্ষেত্রে সৌদি আরবে অবস্থানের সময় প্রতিবারের হিসাবে অথবা সব মিলিয়ে গণনা করা হবে।
এছাড়া এ ভিসায় বেতন বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার অনুমতি নেই। ওমরাহ পালনের সুযোগ থাকলেও হজের নির্ধারিত মৌসুমে এ ভিসা ব্যবহার করে ওমরাহ পালন করা যাবে না।



