পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাবিলা বরিশাল সদর উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেলে অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে স্বামী শুভ ও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তারা একটি আবাসিক হোটেলে ওঠেন। শনিবার বিকেলে তারা মিশ্রিপাড়ার সীমা বৌদ্ধবিহার ঘুরে দেখেন। সন্ধ্যার পর সেখান থেকে ইজিবাইকে কুয়াকাটার দিকে ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”



