রাজধানীর যাত্রাবাড়ী ও বনানীতে মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, “শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”
বনানী থানা সূত্রে জানা গেছে, সেতু ভবনের কাছে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারা জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
এদিকে, রাত ১টার পর মহাখালী বাস টার্মিনালের পেছনের অংশে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগে। এতে পুরো বাসটি পুড়ে যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আব্দুল হামিদ বলেন, “ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।”



