ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলাকে ভেঙে নতুন ইউনিয়ন ও উপজেলা গঠনের উদ্যোগের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেছেন এলাকাবাসী।
রবিবার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় এ কর্মসূচি পালন করছেন তারা।
অবরোধের কারণে ঢাকা-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। রেললাইনে স্লিপার ফেলে এবং সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, বাসুদেব ইউনিয়ন ভেঙে কয়েকটি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এখন সদর ও বিজয়নগর উপজেলা ভেঙে বরিশল নামে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাসুদেব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য টিপু সুলতান জানান, বরিশল গ্রামের বাসিন্দা ও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়া এবং তার ভাই আব্দুর রহমান সানি মিলে নতুন ইউনিয়ন গঠন করেছেন। এ বিষয়ে বাসুদেব, কোড্ডা, চান্দি ও কোড়াবাড়িসহ সংশ্লিষ্ট এলাকার মানুষের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাদের অভিযোগ, একক সিদ্ধান্তে এ ইউনিয়ন গঠন করা হয়েছে।
টিপু সুলতান আরও জানান, নতুন উপজেলা গঠনের উদ্যোগের প্রতিবাদে এলাকাবাসী সকাল ৭টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন।
বাসুদেব ইউনিয়নের সাবেক সদস্য রুস্তুম মিয়া বলেন, “আমরা সদর উপজেলাকে বিচ্ছিন্ন করাকে কোনোভাবেই মেনে নেব না। আমাদের দাবি, আমরা আগের মতো সদর উপজেলার সঙ্গেই থাকতে চাই। নতুন কোনো ইউনিয়নে যুক্ত হব না।”
বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেসার উদ্দিন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এদিকে আখাউড়া বাইপাস স্টেশনের স্টেশনমাস্টার মো. তাহুরুল ইসলাম বলেন, “রেললাইনে স্লিপার ফেলে অবরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।”
অবরোধের কারণে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশকয়েকটি আন্তঃনগর ট্রেন।



