Friday, November 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

সারাদেশে হাম ও উপসর্গে ১,২৭৬ শিশুর প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত ১,৩১৪

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,৩১৪ শিশু।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১,১৭১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১,২৭৬ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৭৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,২৩৯। এই সময়ে ১,১২৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১,২৪১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৭১৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪,২৯৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১০ হাজার ৯৮২ রোগী, যাদের মধ্যে ২ লাখ ২ হাজার ৩৯৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

   

About

Popular Links

x