সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যদিও সৌদি কর্মকর্তারা জ্বালানি খাতের এ প্রতিষ্ঠানটির একটি ভবনে হামলার কথা বলেছিলেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের বাহিনী ধাহরানে আরামকোকে লক্ষ্য করে একটি অত্যন্ত-নির্ভুল সামরিক হামলা চালিয়েছে। পাশাপাশি রিয়াদ বিমানবন্দর ও রাজধানীর একটি তেল শোধনাগার লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র বলেন, “ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। আগামী দিনগুলোতেও অভিযান অব্যাহত থাকবে। এ সময় সৌদি শত্রুপক্ষের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।”
এদিকে, হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইরান-সমর্থিত গোষ্ঠীটি রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লে তা প্রতিহত করা হয়েছে। এ সময় শহরটিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ধাহরানে আরামকোর একটি ভবনে হামলা হয়েছে। এতে সীমিত অগ্নিকাণ্ড ঘটলেও কেউ আহত বা নিহত হননি।
ধাহরানে আরামকোর সদর দপ্তর অবস্থিত। সেখানে অসংখ্য ভবন ও আবাসিক কমপ্লেক্স নিয়ে গড়ে উঠেছে বিশাল স্থাপনা।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির দুই কর্মী জানান, রাতের বেলায় সদর দপ্তরের একটি টাওয়ারে আঘাত হানা হয়। তাদের একজন বলেন, “ওপরের তিনটি তলা আর নেই।”
এ বিষয়ে অবগত আরেকটি সূত্রও হামলা এবং ভবনটিতে আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এএফপির সাংবাদিককে ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরব সাম্প্রতিক দিনগুলোতে ধারাবাহিক হামলার শিকার হচ্ছে। এর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবারের হামলাটি ছিল কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। হুতিদের সঙ্গে যুদ্ধের তীব্রতা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।
এর জবাবে সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের শক্ত ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। বহু বছর ধরে সানা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।
সৌদি আরবে অধিকাংশ হামলা রাজধানীর উপকণ্ঠের অবকাঠামো লক্ষ্য করে চালানো হলেও সাম্প্রতিক হামলাগুলো ক্রমেই শহরের কেন্দ্রের কাছাকাছি চলে আসছে বলে মনে হচ্ছে।



সৌদি আরবের বিমানবন্দরে হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২