সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন একজন সৌদি আরবের এবং একজন ভারতীয় নাগরিক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে খবর জানিয়েছে।
এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম সৌদি আরবে আহত হয়েছেন। তারা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, আহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের একজন, ভারতের দুজন, ইয়েমেনের দুজন, বাংলাদেশের দুজন এবং নেপালের একজন নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ আগে, বুধবার (২১ অক্টোবর) রাতে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সৌদি আরব কর্তৃপক্ষ।
হামলায় বিমানবন্দরের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। নিরাপত্তাসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে। আকাশপথে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



