সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে ফুজাইরার শেখ খলিফা বিন জায়েদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়।
ট্রাকটি প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয়। পরে উল্টে গিয়ে যানজটে আটকে থাকা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। সংঘর্ষের পর ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতে। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সঙ্গে পাঁচটি ট্রাক ও ১৮টি গাড়ি জড়িত ছিল।
পুলিশের জেনারেল কমান্ড জানায়, ফুজাইরার প্রবেশপথের কাছাকাছি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণকক্ষে খবর পৌঁছানোর পর বিশেষায়িত পুলিশ দল, অ্যাম্বুলেন্স, উদ্ধারকারী দল এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
আহত ৩০ জনের মধ্যে চিকিৎসা শেষে ১৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাকি ১৫ জন এখনও চিকিৎসাধীন।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকও রয়েছেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আরও কয়েকজনের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহত ব্যক্তিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন।
এদিকে ভারতের কনস্যুলেট বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক রয়েছেন।
অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে ভারতীয় কনস্যুলেট জানায়, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে কনস্যুলেট।



