যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন ও ফক্স নিউজ- এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন হতাহত হয়েছেন। তাদের মধ্যে দুই জন নিহত, চার জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে অন্তত সাতজনই শিশু। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়েছেন বা নিখোঁজ রয়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ভবনটি ধসে পড়ে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করে স্ট্রেচারে তুলছেন। পরে মই বেয়ে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
উদ্ধার অভিযান চার ঘণ্টার বেশি সময় ধরে চলার পরও ভবনটির আরও একটি অংশ ধসে পড়ার আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ায় দুটি স্থাপনাতেই কয়েকজন আটকা পড়েছেন। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার জানিয়েছেন, উদ্ধার ও তল্লাশির অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনর হতাহতের হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জনের অবস্থা স্থিতিশীল। এছাড়া উদ্ধার অভিযান পরিচালনার সময় ফায়ার সার্ভিসের একজন কর্মীও সামান্য আহত হয়েছেন।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ে ভবনধসের খবর জানিয়ে ৯১১ নম্বরে ফোন করা হয়। এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেন।
সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, “অত্যন্ত শোকাহত হৃদয়ে জানাচ্ছি, এ পর্যন্ত অন্তত দুজন নিউইয়র্কবাসীর মৃত্যু হয়েছে।”



