Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৫২ বছর পর মিসিসিপি পেলো প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মিসিসিপিতে কোলমের জয়কে বড় ধরনের রাজনৈতিক অঘটন হিসেবে দেখা হচ্ছে

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্কট কোলম। রিপাবলিকান দলের বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি। এর মধ্য দিয়ে ১৮৭৪ সালের পর, অর্থাৎ ১৫২ বছর পর প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ সিনেটর পেতে যাচ্ছে অঙ্গরাজ্যটি।

যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর পুনর্গঠন যুগে ১৮৭৪ সালে মিসিসিপি থেকে সর্বশেষ কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হয়েছিলেন ব্লাঞ্চ ব্রুস। তিনি একসময় দাস ছিলেন। দীর্ঘ ১৫২ বছর পর স্কট কোলমের জয় অঙ্গরাজ্যটির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মিসিসিপিতে কোলমের জয়কে বড় ধরনের রাজনৈতিক অঘটন হিসেবে দেখা হচ্ছে। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে বড় ব্যবধানে হারিয়েছে ডেমোক্র্যাটরা। মিসিসিপির এই জয় দলটির সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।

এই জয়ের ফলে ১০০ আসনের মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫। অন্যদিকে রিপাবলিকানদের আসন ৪৪। আলাস্কার একটি আসনের ফল তখনো ঘোষণা করা বাকি ছিল।

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত দলটির আসনসংখ্যা ২৫৪, আর রিপাবলিকানদের ১৬৮। সেখানে ১৩টি আসনের ফল ঘোষণা বাকি ছিল। এ পর্যন্ত প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ৪১টি আসন বেশি পেয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে তাঁর দুই মেয়াদের মধ্যে এবারই প্রথম তাঁকে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের মুখোমুখি হতে হচ্ছে। এতে বিরোধী দলটি নিজেদের পছন্দের আইন প্রণয়নে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ বাধাগ্রস্ত করতে পারবে। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্তের সুযোগও পাবে।

মিসিসিপির সিনেট আসনটির ভোট গণনা চলে এক সপ্তাহের বেশি সময় ধরে। প্রতিদ্বন্দ্বিতা ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি। একপর্যায়ে মাত্র কয়েকটি ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন কোলম। সর্বশেষ সংবাদমাধ্যমগুলোর হিসাব অনুযায়ী, তিনি ৪ হাজার ৫০০-এর বেশি ভোটে এগিয়ে ছিলেন। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল শূন্য দশমিক ৫ শতাংশ পয়েন্ট।

৪৩ বছর বয়সী কোলম পেশায় একজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। ১৯৮২ সালে জন স্টেনিসের পর তিনিই মিসিসিপি থেকে সিনেট নির্বাচনে জয়ী প্রথম ডেমোক্র্যাট প্রার্থী।

অন্যদিকে ৬৭ বছর বয়সী সিন্ডি হাইড-স্মিথ ২০১৮ সালে প্রথম সিনেটর নির্বাচিত হন। জনমত জরিপে তিনি ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প মিসিসিপিতে প্রায় ২৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবারের মধ্যবর্তী নির্বাচনের শেষ পর্যায়ে হাইড-স্মিথের পক্ষে প্রচারেও অংশ নেন ট্রাম্প।

অক্টোবরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কোলম বলেছিলেন, ট্রাম্পের নীতির কারণে মিসিসিপির ভোটাররা নিজেদের প্রতারিত মনে করছেন। ইরানে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়াও ভোটারদের ক্ষোভের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচনী প্রচারে ভোটারদের কাছে পৌঁছাতে নানা উদ্যোগ নিয়েছিলেন কোলম। জনসভা করার পাশাপাশি সরকারি আবাসন প্রকল্প, বিভিন্ন উৎসব এবং খাবারের গাড়ির কাছে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি। কোলমের ভাষায়, ‘আমরা কঠিন পথ বেছে নিয়েছি। তৃণমূল পর্যায় থেকে মানুষের কাছে পৌঁছেছি।’

এর আগে ২০২৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোলমকে ফেডারেল জেলা আদালতের বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিষয়ে কোলমের অবস্থানের কথা উল্লেখ করে সেই মনোনয়ন আটকে দেন হাইড-স্মিথ। অবশ্য মিসিসিপির আরেক রিপাবলিকান সিনেটর রজার উইকার কোলমের মনোনয়নের পক্ষে ছিলেন।

   

About

Popular Links

x