Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

কয়েদির পেট থেকে বের হলো অর্ধশতাধিক লাইটার, নেইল কাটার ও ইটের টুকরা

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষায় এসব বস্তুর সন্ধান মেলে

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেছেন চিকিৎসকেরা। পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষায় এসব বস্তুর সন্ধান মেলে।

কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামে। একটি মামলায় যাবজ্জীবন সাজা পেয়ে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসমত আলী পেটে ব্যথার কথা জানান। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। সেখানে তিনি “অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস” নামের জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৪ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

জেল সুপার আরও জানান, বাবা খুন হওয়ার পর থেকেই হাসমত আলী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কারাগারে থাকা অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে তিনি কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) দায়িত্ব দেয়। কাজ করতে গিয়ে তিনি ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার কুড়িয়ে খেয়ে ফেলতেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষায় পেটে এসব বস্তুর উপস্থিতি নিশ্চিত হওয়ার পরই অস্ত্রোপচার করা হয়।

বর্তমানে হাসমত আলী সুস্থ আছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

   

About

Popular Links

x