গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে রাজু (৩০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। কারাগার কর্তৃপক্ষের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কারাগারের ভেতর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া রাজু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আইনাল হকের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার গণমাধ্যমকে জানান, বিকেলে কারাগারের শৌচাগারের ভেতরে দরজার পাইপের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেন রাজু। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন। এরপর দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে তিনটার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন এবং ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



