গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সোয়া ১০টার দিকে কোনবাড়ি ও কাশিমপুরে সীমান্তবর্তী তালতলা এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।



