Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

ককটেল আতঙ্কে মেয়াদ শেষের আগেই ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা আট চীনা শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন বুধবার (১১ নভেম্বর) চীনে ফিরে গেছেন। বাকি ছয়জনের ১৩ নভেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল “স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল” এর প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার। বুধবার সন্ধ্যায় তিনি বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে তাদের মতামত শোনেন।

জানা গেছে, চীনের এই আট শিক্ষার্থী ঢাবিতে একটি শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষ দিকে পরীক্ষা দিয়ে কোর্স শেষ করার কথা ছিল তাদের। কিন্তু সম্প্রতি ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ফলে কোর্স শেষ না করেই তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দেশে ফিরে নিজ বিশ্ববিদ্যালয় থেকেই তারা কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন।

অধ্যাপক এম এ কাউসার বলেন, “নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে তাদের যাওয়ার কথা ছিল। ককটেল বিস্ফোরণজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণেই আগেভাগে চলে যাচ্ছেন তারা। দুজন ইতিমধ্যে চলে গেছেন, বাকি ছয়জনও বিমানের টিকিট নিশ্চিত করেছেন।“ তিনি আরও জানান, হলের অন্য বিদেশি শিক্ষার্থীদের সঙ্গেও বৈঠক হয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কোনো সিদ্ধান্ত নিলে হল প্রশাসনকে জানাবেন।

প্রাধ্যক্ষের ভাষ্য অনুযায়ী, ককটেল বিস্ফোরণের দিন ওই বিদেশি শিক্ষার্থীদের মধ্যে দুজন ঘটনাটি খুব কাছ থেকে দেখেছিলেন। মূলত এরপর থেকেই তাদের মধ্যে তীব্র আতঙ্ক কাজ করছিল।

প্রসঙ্গত, গত কয়েক দিনে ঢাবি ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও ব্যবসায় শিক্ষা অনুষদসহ (এফবিএস) বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করেছে এবং প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়েছে।

   

About

Popular Links

x