Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমন্ডি ৩২ নম্বর থেকে উদ্ধার করা চিরকুটে যা লেখা আছে

একই সঙ্গে সিটি কলেজ এলাকা থেকেও আরও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ধানমন্ডি সিটি কলেজ এলাকা থেকেও আরও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির সামনে ককটেল ও কাগজটি দেখতে পান সেখানে উপস্থিত সংবাদকর্মীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে। খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি নিষ্ক্রিয় ও উদ্ধার করে।

উদ্ধার হওয়া চিরকুট বা কাগজটির বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব গণমাধ্যমকে বলেন, “ওটা কোনো চিঠি নয়; একটি কাগজের টুকরো পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে- ‘জয় বাংলা। প্রজন্ম-৭১’।”

এদিকে ধানমন্ডি ৩২ নম্বর ছাড়াও দুপুর ১২টার দিকে ধানমন্ডি সিটি কলেজের পাশে আরও দুটি ককটেল পড়ে থাকার তথ্য পায় পুলিশ। খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ওই ককটেল দুটিও নিরাপদে উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়করণ দল।

এ দুটি ঘটনায় এলাকায় কিছু সময় ধরে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।

   

About

Popular Links

x