ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে পাওয়া গেছে দু’টি তাজা ককটেল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুটি ককটেল পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয় স্থানীয়রা। এরপর থেকেই ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জানা গেছে, ককটেল দু’টি একটি চিরকুটের ওপর রাখা ছিল। চিরকুটটিতে “বাংলাদেশ মুক্তির ডাক ৭১”, “জয় বাংলা”, “জয় মুক্তির ডাক” ইত্যাদি লেখা রয়েছে বলে বেশ কয়েকটি সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও ধর্মঘটকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ককটেল উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



