বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি কক্ষের জানালার কাচ ভেঙে বিছানার ওপর ছড়িয়ে পড়ে ককটেলের গুঁড়া ও কাচের টুকরা। তবে ঘটনার সময় ওই কক্ষে না থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এক শিক্ষার্থী।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আদিলুল ইসলাম আকিব।
ফেসবুক পোস্টে আকিব লেখেন, “সম্ভবত মৃত্যুর হাত থেকে বাঁচলাম। বুয়েটের আহসানউল্লাহ হলে রাত ১১টা ৪২ মিনিটে আমার জানালার পাশেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। রুম নম্বর ১৩৭। জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া আমার বিছানায় এসে পড়ে।”
তিনি জানান, ঘটনার সময় পাশের ১৩৪ নম্বর কক্ষে বন্ধু আদিবের সঙ্গে ছিলেন। এ কারণে অল্পের জন্য রক্ষা পান তিনি। তবে তার কক্ষে থাকা অন্য দুই শিক্ষার্থী বিকট শব্দ, আগুনের ফুলকি ও জানালার ভাঙা কাচ দেখে আতঙ্কিত হয়ে কক্ষ থেকে বেরিয়ে আসেন।
আকিব আরও লেখেন, “একটু আগেও এই বেডে আমি বসে ছিলাম। আল্লাহ বাঁচালো।”
ওই শিক্ষার্থীর দাবি, আহসানউল্লাহ হলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন অনেকে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।
তবে কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



