Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সোনারগাঁয়ে মানববন্ধন করে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোর আখ্যা দিয়ে মো. ফারুক হোসেন (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তার মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। এতে মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে এশিয়ার হাইওয়ের কাঁচপুর ললাটি এলাকায় মহাসড়ক অবরোধ করে তার স্বজনরা ও এলাকাবাসী। এ সময় তারা বিক্ষোভ করে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি করেন।

নিহত ফারুক হোসেন ললাটি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফারুক হোসেনের মরদেহ নিয়ে তার স্বজন ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ফারুক হত্যার বিচার দাবি করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

বিচার দাবি করে বিক্ষুব্ধ স্বজনরা বলেন, চোর আখ্যা দিয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। আমরা এই হত্যার সুষ্টু বিচার চাই। প্রত্যেকটা আসামিকে ফাঁসি দিয়ে বিচার নিশ্চিত করতে হবে।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা বলেন, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় আমিনুল ভেন্ডার ও তার ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ফারুক হোসেনকে তার বাড়ি থেকে ডেকে জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে তাকে একটি স্থানে আটকে রাখা হয়।

পরিবারের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে ফারুককে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে তার মৃত্যু হয়। রবিবার রাতে ঢাকায় ময়নাতদন্ত শেষে ফারুকের মরদেহটি ললাটি এলাকায় আনা হয়। এ ঘটনায় নিহত ফারুকের মা ওহেদা বেগম বাদী হয়ে আমিনুল ভেন্ডার, অমিত হাসানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় মামলা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, “এ ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা হয়েছে। দুজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সড়ক অবরোধের বিষয়ে তিনি জানান, অল্প সময়ের জন্য তারা সড়ক অবরোধ করেছিল। পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x