কুষ্টিয়ায় বাসার সামনে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছেন এক কিশোর। আহত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত তরুণ ছুরি ফেলে দৌড়ে পালিয়ে যান। আহত স্কুলছাত্রীর হাতসহ শরীরের অন্তত ছয় স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
গুরুতর আহত স্কুলছাত্রী ফরিদপুর জেলার বাসিন্দা। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে শহরের থানাপাড়াতে একটি ভবনের তিনতলাতে পরিবার নিয়ে থাকছেন। ওই ছাত্রী জেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়েন। তার আগামী এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফেরেন। বেলা ১টার দিকে তিনি বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজিয়ে দাঁড়িয়ে থাকেন। এর কয়েক সেকেন্ডের মধ্যে এক তরুণ কাছে গিয়ে তাকে পেছন থেকে উপর্যুপরি আঘাত করতে করতে থাকেন। মেয়েটি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এসময় চিৎকার করতে থাকেন মেয়েটি। একটু পরই সড়কে বাসার সামনে লুটিয়ে পড়েন মেয়েটি।
ওই বাসার সামনের একটি বাসায় থাকেন শাহাদাত হোসাইন। তিনি জানান, ঘটনার সময় তার বোন বারান্দায় ছিলেন। ওই ছাত্রীকে ছুরিকাঘাত করা দেখে চিৎকার করেন তার বোন। তিনি তখন দৌড়ে বাইরে গিয়ে দেখতে পান এক ছেলে মেয়েটিকে ছুরিকাঘাত করছে। কখনও চুল ধরে আঘাত করছে। মেয়েটি স্কুলড্রেস পরা অবস্থায় ছিল। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে আঘাত করে ছুরি ফেলে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। এরপর মেয়েটির মা দৌড়ে নিচে নেমে আসেন। তিনিও মেয়ের রক্তাক্ত অবস্থা দেখে অচেতন হয়ে পড়েন। একটা রিকশা ডেকে দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার পর পুলিশ শহরে কিশোরগ্যাং বিরোধী অভিযান শুরু করেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত তরুণকে ধরতেও অভিযান চলছে।
আহত স্কুলছাত্রীর বাবা জানান, তিনি পেশাগত কাজে বাইরে ছিলেন। হঠাৎ মেয়ের মায়ের ফোন পান। এরপর দ্রুত হাসপাতালে যান। এ ঘটনা কেন, কী কারণে ঘটেছে, তা কিছুই বুঝতে পারছেন না। তার মেয়েও আগে কখনও কিছু বলেনি। তাকে কেউ কোনো উত্ত্যক্ত করত কি না, সে ব্যাপারে কিছুই জানা নেই।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ বলেন, “ঘটনাস্থলের ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজে ছুরিকাঘাত করা তরুণকে শনাক্ত করা গেছে। তাকে ধরতে কাজ চলছে। আঘাতে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। অভিযুক্ত তরুণ শহরের একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ে।”
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল বলেন, “মেয়েটির হাতে তিনটি গভীর আঘাত ছিল। এ ছাড়া আরও আঘাতের চিহ্ন দেখা গেছে। সব কটি আঘাতের জায়গাতে সেলাই দেওয়া হয়েছে। আপাতত শঙ্কামুক্ত। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”



