ঢাকায় সোমবার (৯ নভেম্বর) দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। তবে বেলা গড়াতেই আকাশে জমতে শুরু করে মেঘ। বইতে শুরু করে বাতাস। এর কিছু সময় পর শুরু হয় বৃষ্টি। যা দুপুরের গরমকে ভুলিয়ে প্রশান্তি বুলিয়ে দেয় শরীরে। নভেম্বরের ঝুম বৃষ্টি মনে করিয়ে দিলো শীত কড়া নাড়ছে।
দেশে সাধারণত কার্তিকের শেষভাগে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ শুরু হয়। এরপর ধীরে-ধীরে জাঁকিয়ে শীত পড়তে শুরু করে। উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভোরে কুয়াশা ও শীত পড়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ী মেঘাচ্ছন্ন থাকতে পারে। হতে পারে হালকা বা বজ্রসহ বৃষ্টি। রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে সামান্য।
ঢাকার বাইরে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, কক্সবাজারেও বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী কয়েকদিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ১৮ নভেম্বরের পর বা নভেম্বরের তৃতীয় সপ্তাহে সারাদেশেই শীতের অনুভূতি আরও কিছুটা বাড়তে পারে।



