Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশজুড়ে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের আভাস, হতে পারে ঘূর্ণিঝড়

শীতকাল নিয়ে বড় ধরনের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

প্রকৃতিতে ধীরে ধীরে শুরু হয়েছে শীতের আমেজ। কংক্রিটের শহরে শীতের পদধ্বনি মৃদু হলেও উত্তরের গ্রামগুলোতে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। এর মধ্যেই শীতকাল নিয়ে বড় ধরনের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন মাসে (নভেম্বর থেকে জানুয়ারি) দেশে ৪ থেকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৭ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলামের স্বাক্ষর করা এই পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বর থেকে আগামী জানুয়ারি মাস পর্যন্ত সময়ে দেশে মোট ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে।

তাপমাত্রার পরিমাপ সম্পর্কে আবহাওয়ার মানদণ্ডে বলা হয়েছে, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে এলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সাধারণত ডিসেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কিছু অঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির নিচে নেমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে জানুয়ারি মাসে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পাশাপাশি এক বা দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

এ ছাড়া এই তিন মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বাড়লেও সামগ্রিকভাবে এ বছর শীতকাল কিছুটা ‘উষ্ণ’ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এল নিনোর প্রভাবে বিশ্বব্যাপী পৃথিবী উষ্ণ থাকায় এবং দক্ষিণ এশিয়াজুড়ে এর প্রভাব থাকায় এ বছর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে বলে জানান ড. মল্লিক। ফলে শৈত্যপ্রবাহের দিনক্ষণ ও ব্যাপ্তি কম হতে পারে।

শৈত্যপ্রবাহের পাশাপাশি আগামী তিন মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। যার মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, অক্টোবর ও নভেম্বর মাস মূলত ঘূর্ণিঝড়প্রবণ সময়। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং মৌসুমী স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই লঘুচাপগুলো তৈরি হয়।

আসন্ন এই তিন মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নভেম্বরে চট্টগ্রামে ৩৫-৪০ মিলিমিটার এবং বরিশালে ৩০-৪০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, সিলেট ও খুলনায় ১৫-২৫ মিলিমিটার এবং অন্যান্য বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে বৃষ্টির পরিমাণ আরও কমে আসবে বলে জানিয়েছে অধিদপ্তর।

উল্লেখ্য, এর আগে গত অক্টোবর মাসে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। দীর্ঘমেয়াদি পূর্বাভাসের পাশাপাশি আবহাওয়ায় নানা অনিশ্চয়তা থাকায় নিয়মিত দৈনন্দিন পূর্বাভাস মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

   

About

Popular Links

x