কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় ফুটবল খেলতে নেমে মাঠেই অসুস্থ হয়ে মারা গেছে জিসান আহাম্মেদ (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্র।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ইউনিয়নভিত্তিক ফুটবল প্রতিযোগিতা চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায় অংশগ্রহণকারী দলের সদস্য জিসান হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়ে। পরে সতীর্থ ও শিক্ষকেরা তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জিসান আহাম্মেদ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খেলার মাঠে অসুস্থ হয়ে পড়ার পর জিসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত জাবিন জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে নতুন কুঁড়ি প্রতিযোগিতার ইউনিয়নভিত্তিক ফুটবল খেলা চলাকালে এ ঘটনা ঘটে। খেলা শুরুর চার মিনিটের মাথায় ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পরে অন্য শিক্ষার্থী ও শিক্ষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘‘দুপুরের দিকে ওই স্কুলছাত্রকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।’’



