Thursday, November 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নদীতে পড়া ফুটবল তুলতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ ১৩ বছরের কিশোর

ঘটনার তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার উপপরিদর্শক মো. বশির উদ্দিন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

বরিশাল নগরে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেছে জুনায়েদ (১৩) নামে এক কিশোর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জুনায়েদ নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরের ৭ নম্বর গলির বাসিন্দা। ঘটনার তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. বশির উদ্দিন।

প্রত্যক্ষদর্শী কিশোর মো. সাইফুল জানায়, তখন নদীর তীরে সাইকেল পরিষ্কার করছিলেন জুনায়েদের বড় ভাই জুবায়ের। পাশেই ফুটবল খেলছিল জুনায়েদ। খেলার একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে সেটি তুলতে পানিতে নামে সে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে ডুবে যেতে থাকে। সাইফুল বলেন, “ভাইকে বাঁচাতে জুবায়ের পানিতে নেমে হাত বাড়িয়ে দেন। জুনায়েদের হাতও ধরা গিয়েছিল, কিন্তু প্রবল স্রোতের টানে সে ভেসে যায়।”

এসআই বশির উদ্দিন বলেন, “ঘটনাস্থলে থাকা জুনায়েদ, তার ভাই জুবায়ের ও সাইফুল, তিনজনের কেউই সাঁতার জানত না। এ কারণে স্রোতে ভেসে যাওয়া জুনায়েদকে তীরে তোলা সম্ভব হয়নি।”

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। জুনায়েদকে উদ্ধারে তাদের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। এ সময় ঘটনাস্থলে নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানান এসআই বশির উদ্দিন।

   

About

Popular Links

x