Thursday, November 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ক্যান্টনমেন্ট থানার এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আর্মি গলফ ক্লাব সংলগ্ন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ককটেল হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে কুর্মিটোলা হাসপাতালের সামনের সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ তাত্ক্ষণিক অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

আহত পুলিশ সদস্যের নাম এনামুল। তিনি ক্যান্টনমেন্ট থানার টহল গাড়ি ‘গলফ ক্লাব ৮৩’-এর চালক হিসেবে কর্মরত।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে হঠাৎ ভেতর থেকে অচেনা এক ব্যক্তি পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে।

ককটেল বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাম চোখে আঘাত লাগে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, হামলার পর বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বহরে থাকা অন্য মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

   

About

Popular Links

x