কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করা হয়েছে।
আখতারুজ্জামান রঞ্জন বুধবার (৪ নভেম্বর) রাত পৌনে ১০টায় বলেন, “আমার বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে রাত ৮টার দিকে গচিহাটা বাজারে বুকে ছুরিকাঘাত করা হয়েছে।”
স্থানীয়রা জানান, অজ্ঞাত এক ব্যক্তি রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত রানাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
আখতারুজ্জামান রঞ্জন জানান, তিনি এখন ঢাকায় আছেন। বিষয়টি খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে তিনি উল্লেখ করেন।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে ঘটনাটি ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।” তিনি আরও জানান, জড়িতদের আটক করতে ও ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে।



