Thursday, November 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৮

তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর ও তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন সংবাদমাধ্যমকে এই আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে গত মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের সময় দলছুট হয়ে পড়েন কনস্টেবল সাইমন। এ সময় বিক্ষোভকারীদের একাংশ তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং তার কাছ থেকে সরকারি অস্ত্র ছিনিয়ে নেয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ঘটনার দিন পুলিশের ধাওয়ার মুখে ওই কনস্টেবল আন্দোলনকারীদের মাঝখানে পড়ে গেলে হামলার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর এলাকার বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছেন। ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল গোয়েন্দা পুলিশ। ডিবি জানিয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং বাকি জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

   

About

Popular Links

x